পারমাণবিক অস্ত্র থেকে বিশ্বকে সরে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত
পারমাণবিক অস্ত্র থেকে বিশ্বকে সরে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, আট দশকেরও বেশি সময় ধরে বিশ্ব পারমাণবিক অস্ত্রের ছায়ায় বসবাস করছে। ভবিষ্যৎ প্রজন্মকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, হুমকির বদলে সংলাপ, অস্ত্র প্রতিযোগিতার বদলে অস্ত্র নিয়ন্ত্রণ এবং অচলাবস্থার বদলে কার্যকর পদক্ষেপ বেছে নিতে হবে। একই সঙ্গে পারমাণবিক অস্ত্রমুক্ত ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তবে গুতেরেসের এই বক্তব্যে কোনো নির্দিষ্ট সংঘাত বা দেশের কথা উল্লেখ করা হয়নি।
২০১৭ সালের ১ জানুয়ারি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব নেন আন্তোনিও গুতেরেস। চলতি বছরের ৩১ ডিসেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তবে এখনো তার উত্তরসূরি চূড়ান্ত করা হয়নি।






