আগামী ২৯ নভেম্বর থেকে গড়াতে চলেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসর। শুক্রবার ওয়ানডে ফরম্যাটে আসন্ন টুর্নামেন্টটির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৯ নভেম্বর পর্দা উঠে ৮ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। দুবাই ও শারজায় দুটি ভেন্যুতে গড়াবে মাঠের লড়াই।
আসরে বাংলাদেশের অবস্থান ‘এ’ গ্রুপে, সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গী পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা। ১ ডিসেম্বর নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এবং ৩ ডিসেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে লঙ্কানদের। যুবা টাইগারদের সবকটি ম্যাচই গড়াবে দুবাইতে।
প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমি ফাইনালে খেলবে। ৬ ডিসেম্বর দুটি ভেন্যুতে মাঠে গড়াবে সেমিফাইনাল দুটি। ৮ ডিসেম্বর দুবাইতে শিরোপা মহারণ দিয়ে শেষ হবে আসর। সবশেষ ২০২৩ আসরে ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ যুবারা।








