জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী রাফসি ও আয়ান চিকিৎসা শেষে আজ বাড়ি ফিরছে। তবে একই দিনে মৃত্যু হলো স্কুলের অফিস সহকারী মাসুমা বেগম ও শিক্ষার্থী জারিফ।
আজ ২৬ জুলাই শনিবার বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ও চিকিৎসকেরা জানান, রাফসি ও আয়ানের শরীরে পোড়ার পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল এবং চিকিৎসায় তারা দ্রুত সাড়া দেয়। শিশু দুজন নিজেও বারবার বাড়ি ফিরে যাওয়ার আকুতি জানাচ্ছিল। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত সিদ্ধান্তে আজ তাদের ছাড়পত্র দেওয়া হচ্ছে।
সকালে মারা যাওয়া মাইলস্টোনের অফিস সহকারী মাসুমা বেগমের মরদেহ ইতোমধ্যে স্বামী সেলিম হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে। মাসুমার মরদেহ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুরালিয়া গ্রামে নিয়ে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বর্তমানে হাসপাতালে ৩৬ জন আহত শিক্ষার্থী ও কর্মচারী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, ১ জন ভেন্টিলেশনে এবং ৯ জনের অবস্থা এখনও গুরুতর। চিকিৎসায় অংশ নিচ্ছেন সিঙ্গাপুর, চীন ও ভারতের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক মেডিকেল টিমের সদস্যরা। সিঙ্গাপুর থেকে ১১ জন, চীন থেকে ৫ জন এবং ভারত থেকে ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসা কার্যক্রমে যুক্ত রয়েছেন।
সকালে দুই ঘণ্টার ব্যবধানে দুই জনের মৃত্যুতে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭। আর এই দুর্ঘটনায় সার্বিকভাবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫।







