পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু

ছবি: প্রতিনিধি।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। একজন জমিতে সার ও কীটনাশক ছিটাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অপরজন ছাগলের জন্য পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার এগারসিন্দুর ও চরকাওনা গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার এগারসিন্দুর গ্রামের মুর্শিদ উদ্দিনের ছেলে মো. কালাম (৪৫) এবং চরকাওনা গ্রামের দুলাল মিয়ার ছেলে শহীদ উল্লাহ (৭০)। তারা দুজনই পেশায় কৃষক ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজের জমিতে সার ও কীটনাশক ছিটানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কালাম। স্থানীয়রা তাকে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, চরকাওনা গ্রামে ছাগলের জন্য গাছ থেকে পাতা পারতে গিয়ে নিচে পড়ে যান শহীদ উল্লাহ। এতে তার মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তাওহীদ বলেন, হাসপাতালে আনার আগেই কালাম মারা যান। আর শহীদ উল্লাহকে মস্তিষ্কে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকেও মৃত ঘোষণা করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে তিনি খোঁজখবর নিচ্ছেন।





