আন্তর্জাতিক

করাচি বিমানবন্দরের সামনে বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত

করাচি বিমানবন্দরে বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত গাড়ি ও নিরাপত্তা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

করাচি বিমানবন্দরে বিস্ফোরণের পর ধ্বংসপ্রাপ্ত গাড়ি ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তানের করাচি বিমানবন্দরের সামনের সড়কে সন্ত্রাসী হামলায় বিস্ফোরণে দুইজন চীনা নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ১১ জন। বিচ্ছিন্নতাবাদী একটি জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।

বিবিসি জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১১টার দিকে পাকিস্তানের দক্ষিণ মেগাসিটি করাচিতে ওই বিস্ফোরণের শব্দ শুনা গেছে বলে আজ সোমবার এই খবর নিশ্চিত করেছে পাকিস্তানে অবস্থিত চীনের দূতাবাস।

দূতাবাসের বিবৃতিতে দাবি করা হয়েছে, পোর্ট কাসিম ইলেকট্রিক পাওয়ার কোম্পানির একটি কনভয় চীনের কর্মীদের নিয়ে যাচ্ছিল। তখন সেখানে সন্ত্রাসী হামলা হয়। বিস্ফোরণের পর অনেকগুলো গাড়িতে আগুন ধরে যায়।

বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) বিবৃতিতে দাবি করা হয়, তারা করাচির বিমানবন্দর থেকে আসা চীনা প্রকৌশলী এবং বিনিয়োগকারীদের একটি উচ্চ-স্তরের কনভয়কে টার্গেট করে এই হামলা চালিয়েছে।

বিস্ফোরণ নিয়ে পরষ্পরবিরোধী মত রয়েছে। কিছু কর্মকর্তা বলছেন, এটা ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। আবার কেউ বলছেন, একটি তেলের ট্যাংকারের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে, তারপর এই বিস্ফোরণ হয়।

জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে ৪টি গাড়ি ধ্বংস হয়েছে ও ১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বম্ব ডিসপোসাল স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে।

চীনের দূতাবাস স্থনীয় কর্তৃপক্ষকে হামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এবং খুনিদের কঠোর শাস্তি এবং একই সাথে চীনা নাগরিক, প্রতিষ্ঠান এবং প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তব পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

পাকিস্তানে চীনের কয়েক হাজার কর্মী আছেন। তারা চীনের বহুঘোষিত ও বহু অর্থব্যয়ে নির্মিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত, যার উদ্দেশ্য হলো সড়কপথে দক্ষিণ ও মধ্য এশিয়াকে চীনের সঙ্গে যুক্ত করা।

বিষয়:চীন পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…