সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কুশিউড়া গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ১১ নভেম্বর বিকাল সাড়ে ৩ টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো— উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে রাহিম (৭) এবং মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ (৮)। তারা দু’জনই পাশাপাশি বাড়ির বাসিন্দা ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে রাহিম ও মোহাম্মদ বাড়ির পাশে বাইসাইকেল নিয়ে খেলছিল। খেলার একপর্যায়ে তারা বাড়ি থেকে প্রায় ৬০০ ফুট দূরের একটি বাড়ির পাশের পুকুরের পাড়ে যায়। সেখানে অসাবধানতাবশত সাইকেলসহ পুকুরে পড়ে যায় তারা। বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় ইব্রাহীম আলী নামের এক ব্যক্তি পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে।
শেষে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে লাশের ময়না তদন্তের জন্য বা কোন অভিযোগ করা হয়নি।






