মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় পুকুর থেকে ৫ মাস বয়সী জমজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে মা-বাবার দিকে অভিযোগ তুলেছেন স্বজনরা। সোমবার রাত ১২টার দিকে অভিযুক্ত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পুকুর থেকে শিশুদের মরদেহ উদ্ধার করে তাদের চাচা সাকিব শেখ।
মৃত দুই শিশু (লামিয়া ও সামিহা) উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দি এলাকার সোহাগ শেখ (২৮) এবং শান্তা বেগম (২৪) দম্পত্তির সন্তান।
চাচা সাকিব শেখ জানান, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ সোহাগের ঘর থেকে চিল্লাচিল্লির শব্দ শুনে এগিয়ে এলে মা শান্তা জানান তার স্বামী বাচ্চাদের পুকুরে ফেলে দিয়েছে। কিন্তু সেসময় সোহাগ শেখকে ঘরে দেখতে পায়নি। পরে তিনি দৌড়ে পুকুরে গিয়ে দেখে উপুড় অবস্থায় শিশু দুইটি পড়ে আছে। দ্রুত তাদের উঠিয়ে শ্রীনগর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিনথিয়া নূর জানান, মৃত অবস্থায় ওই দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তাদের পেটভর্তি পানি ছিলো।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, প্রাথমিকভাবে সন্দেহের তীর বাবা-মায়ের দিকেই। তাই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








