যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে মন্ত্রী পদে মনোনীত প্রার্থীসহ হোয়াইট হাউসের একাধিক সদস্যকে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে।
মঙ্গলবার ২৭ নভেম্বর রাত এবং বুধবার ২৮ নভেম্বর সকালে এই হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই।
এফবিআই জানিয়েছে, বোমা হামলা এবং সোয়াটিংয়ের এমন বেশ কয়েকটি হুমকির বিষয়ে তারা অবগত। হুমকিগুলোকে তারা অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে এবং পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।
ট্রাম্পের হবু প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের জন্য মনোনীত ব্যক্তিসহ অন্তত ৯ জনকে হুমকি দেয়া হয়েছে। এই তালিকায় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন পাওয়া ব্যক্তিও আছেন।
ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রস্তুতিসংক্রান্ত (ট্রানজিশন) দলের মুখপাত্র ক্যারোলিন লেভিত বলেন, ট্রাম্পের মনোনীত ব্যক্তি ও তাদের সঙ্গে বসবাস করা ব্যক্তিরা সহিংস ও অ-আমেরিকান হুমকির লক্ষ্যবস্তু হয়েছেন।
ক্যারোলিন আরও বলেন, বেশ কয়েকজনকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনপ্রয়োগকারী সংস্থা দ্রুত ব্যবস্থা নিয়েছে। তবে, এফবিআই ও ক্যারোলিন লেভিত বোমা হামলার হুমকি পাওয়া কোনো ব্যক্তির নাম প্রকাশ করেননি।
এছাড়া ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পরিবেশ সুরক্ষা সংস্থার প্রশাসক হিসেবে মনোনয়ন পাওয়া লি জেলডিন, কৃষিমন্ত্রী পদে মনোনয়ন পাওয়া ব্রুক রোলিন্স, আবাসনমন্ত্রী পদে মনোনীত স্কট টার্নার ও শ্রমমন্ত্রী পদে মনোনীত লোরি শাভেজ-ডিরেমারও একই ধরনের হুমকি পাওয়ার কথা জানিয়েছেন
হুমকির ঘটনাগুলো প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে।
সূত্র: বিবিসি








