ফকির লালন শাহের জন্মজয়ন্তী: ‘ঐতিহ্যবাহী লালনসংগীত সম্মিলনী’ শুরু

ফকির লালন শাহের জন্মজয়ন্তী উপলক্ষে লালনসংগীত সম্মিলনীতে শিল্পীরা পরিবেশনা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলার ভাবন্দোলনের প্রাণপুরুষ ফকির লালন শাহের ২৫১তম জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী ‘ঐতিহ্যবাহী লালনসংগীত সম্মিলনী’ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) রমনা মা আনন্দময়ী আশ্রম প্রাঙ্গন, সোহরাওয়ার্দী উদ্যানে তিন দিনব্যাপী এ আয়োজন শুরু হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন সাধক-শিল্পী সুনীল কর্মকার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু৷ লালনানুরাগী ও শিল্পপতি খবির উদ্দিন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লালন বিশ্বসংঘের নির্বাহী পরিচালক আবদেল মান্নান৷
সন্ধ্যায় সংগীত নিবেদন করেন লালন শিল্পী শফি মণ্ডল, আরজু শাহ, রাখি শবনমসহ দেশের নানা অঞ্চল থেকে আগত শিল্পীবৃন্দ৷
আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় মঞ্চায়ন হবে ফকির লালন শাহের গোষ্ঠলীলা কীর্তন অবলম্বনে গীতিনৃত্যনাট্য ‘গোষ্ঠে চলো হরি মুররি’, বিকেল ৫টায় ‘ফকির লালন শাহের মানুষতত্ত্ব’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার এবং সন্ধ্যা থেকে শুরু হবে লালনসংগীত সম্মিলনী৷
তিন দিনব্যাপী মহতী এ সম্মিলনে দুই বাংলার লালনবাদী বিশিষ্ট সাধক-শিল্পী-গবেষকদের অংশগ্রহণে প্রতিদিন লালনসংগীত নিবেদনের পাশাপাশি, লালন বিষয়ক আন্তর্জাতিক সেমিনার, ঐতিহ্যবাহী ধারায় লালনসংগীত চর্চা বিষয়ক বিশেষ কর্মশালা, ফকির লালনের কালজয়ী গোষ্ঠলীলা কীর্তন অবলম্বনে লালন বিশ্বসংঘের প্রয়োজনায় সর্বপ্রথম ‘গোষ্ঠে চলো হরি মুরারি’ গীতিনৃত্যনাট্য মঞ্চায়ন, লালন বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী, এবং একটি দ্বিভাষিক স্মরণিকা প্রকাশিত হয়েছে।




