বাংলাদেশে মুক্তির পর সাফল্য পেয়েছে সুপারস্টার শাকিব খানের ছবি ‘তুফান’। সেই সাফল্যের ভেসে এবার ‘তুফান’ যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়ামে। ২৮ জুন একযোগে এসব দেশের বিশ্ববিখ্যাত থিয়েটারগুলোতে চলবে ‘তুফান’।
ভিনদেশে ‘তুফান’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে! এ কারণে অগ্রিম টিকিট বিক্রিতে অস্ট্রেলিয়ার মতো দেশে নতুন রেকর্ড গড়েছে শাকিবের এ ছবি। জানা যায়, মুক্তির ১০ দিন আগেই সেখানে ২ হাজারেরও বেশি টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে।
সংশ্লিষ্টরা জানান, ইতোপূর্বে কোনো বাংলা সিনেমা মুক্তির আগে এত অগ্রিম বিক্রির নজির নেই। এর আগে দেশটিতে সর্বোচ্চ ৮০০ অগ্রিম টিকিট বিক্রি ‘পরাণ’ ছবির। তার চেয়ে দ্বিগুণের বেশি টিকেট বিক্রি করে দাপট দেখাচ্ছে ‘তুফান’।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ‘তুফান’ পরিবেশকের দায়িত্বে রয়েছে বঙ্গজ ফিল্মস। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, ‘অপ্রতিরোধ্য সাড়া পাওয়ার পরিপ্রেক্ষিতে, বাংলাভাষী থিয়েটারে প্রথম সপ্তাহের প্রায় সমস্ত শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে, দ্বিতীয় সপ্তাহের টিকিট শিগগিরই পাওয়া যাবে।
দেশে মুক্তি দুই সপ্তাহের আগেই পরিচালক রায়হান রাফী ‘তুফান’কে ব্লকবাস্টার হিট ঘোষণা দিয়েছেন। ভিনদেশেও এ ছবি নতুন মাইল ফলক অর্জন করতে পারে বলে আশা প্রকাশ করেছেন বঙ্গজ ফিল্মসের কর্ণধার তানিম আল মিনারুল মান্নান।
তিনি বললেন, তুফানের অসাধারণ সাফল্য আমাদেরকে এখানে ভালো মানের বাংলা চলচ্চিত্র প্রদর্শন অব্যাহত রাখতে অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে মুক্তি পাওয়া অন্যান্য ভাষার চলচ্চিত্রের বিপরীতে তুফান-এর প্রদর্শনী কিছুটা সীমাবদ্ধ।
”এর সত্ত্বেও, মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং দ্রুত টিকিট বিক্রি সিনেমাটির গুণমানের প্রমাণ, যা অন্য ভাষার চলচ্চিত্রে সবসময় দেখা যায় না। আশা করা যাচ্ছে, ‘তুফান’ অস্ট্রেলিয়াতে নতুন নজির স্থাপন করবে।”
‘তুফান’ সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়, অচিরেই এ ছবি মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাজ্য, দুবাই, ওমান, কাতার, বাহরাইন, স্পেনের বার্সালোনা, মাদ্রিদ ও পর্তুগালের একাধিক থিয়েটারে।








