দীর্ঘ ১০ বছর পর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার ২২ এপ্রিল পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) আসামিকে আদালতে হাজির করলে কুমিল্লা সদর কগনিজেন্স কোর্ট-১-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক রিমান্ডের আদেশ দেন। এর আগে পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা তারিকুল ইসলাম ঢাকার একটি বাসা থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন।
গত ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্তকারী কর্মকর্তা অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক জাহাঙ্গীর আলম-এই তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা পরীক্ষার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন।
আদালত সূত্র জানায়, এ মামলায় এখন পর্যন্ত প্রায় ৮০টি শুনানির তারিখ পড়েছে। বিগত ১০ বছরে চারটি সংস্থার সাতজন তদন্তকারী কর্মকর্তা মামলাটির তদন্তভার পরিচালনা করেছেন। এদিন আদালতে উপস্থিত ছিলেন নিহত তনুর বাবা-মা ও তার ছোট ভাই রুবাল হোসেন।
উল্লেখ্য ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে সোহাগী জাহান তনুর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। কুমিল্লায় সংঘটিত এই হত্যাকাণ্ডটি দেশের অন্যতম আলোচিত মামলাগুলোর একটি, যার বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে দীর্ঘদিন ধরেই জনমনে প্রশ্ন ছিল।








