বার্সেলোনার উদীয়মান তারকা লামিল ইয়ামালের ক্যারিয়ার নিয়ে সতর্কবার্তা দিলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি টনি ক্রুস। স্প্যানিশ এই বিস্ময়বালকের অল্প বয়সে অনেক বেশি সফলতা অর্জনে তার ক্যারিয়ার নিয়ে চিন্তিত জার্মান তারকা। ফুটবল মাঠে দুজন মুখোমুখি হয়েছিলেন ইউরো ২০২৪ ও ক্লাব ফুটবলে। স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ক্রুসের দলকে হেরে বিদায় নিতে হয়েছিল।
জার্মানির সাবেক মিডফিল্ডার তার বুট জোড়া তুলে রেখেছেন অনেক দিন। তারপরও খোঁজ রাখছেন স্প্যানিশ ফুটবলে। লা গ্যাজতেতে দেয়া সাক্ষাৎকারে জার্মান আইকন বলেন, ‘আমি ঠিক ১৭ বছর বয়সে বায়ার্ন মিউনিখ মুল দলে খেলি। আমি ইয়ামালের মত ছিলাম না। তার খেলা অসাধারণ । এই বয়সে এমন কাউকে ভালো খেলতে দেখিনি। ইয়ামালের খেলার ধারাবাহিকতা নিয়ে বলছি, কারণ তার ন্যাচারাল ট্যালেন্ট আছে।’
‘আমাকে ভাবায় এ বিস্ময়বালক ফুটবল মাঠে অনেক প্রতিভা দেখিয়েছে। ১৭ বছর বয়সে এমনটা স্বাভাবিক হওয়ার কথা না। ইয়ামাল দুই মৌসুম দারুণ খেলেছে, এমনকি শেষ মৌসুমটা আরও অসাধারণ কাটিয়েছেন। আমি ফুটবলে এমন দেখিনি। ’
‘আমি সবসময়ই বলি ফুটবল ক্যারিয়ার কোনো দৌড় প্রতিযোগিতা না, কিন্তু এটা ম্যারাথন। আমরা পরবর্তী ৫-১০ মৌসুম দেখবো, যদি সে এভাবে বেড়ে উঠতে পারে এবং ফুটবল মাঠের বাইরের সব কিছু সামলাতে পারে।’ ইয়ামালকে নিয়ে বলছিলেন ক্রুস।
ইয়ামালের সফলতা নিয়ে সম্প্রতি ক্লাব ছাড়া এ তারকা আরও বলেন, ‘সফলতা শুধু ফুটবল মাঠের ওপর নির্ভর করে না। এটি নির্ভর করে বাইরে কি ঘটছে তার উপরেও। সফলতার জন্য জীবনের বিভিন্ন স্তরের কঠিন সময় তাকে পাড়ি দিতেও হবে।’








