এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলার কারণে মারা যাওয়া ৬ নবজাতকের প্রতিটি পরিবারের জন্য ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৭ জুন) হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নিহত প্রতিটি নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া পূর্বে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে। পরিবারগুলোর সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনার ভিত্তিতেই ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে।
সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের অনুপস্থিতি, নার্স ও অন্যান্য স্টাফদের দায়িত্বে অবহেলা এবং হাসপাতাল ব্যবস্থাপনার ত্রুটির কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তদন্তে উঠে এসেছে।
উল্লেখ্য, ঈদের ছুটির মধ্যে গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং পরে স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে।







