নিউজিল্যান্ডের মাটিতে ২০০৭ সাল থেকে ওয়ানডে খেললেও কখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। নাজমুল হাসান শান্তর নেতৃত্বে সেই ইতিহাস বদলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টি-টুয়েন্টি সিরিজের আগে প্রথমবার কিউইদের মাটিতে ওয়ানডে জিতে দারুণ আত্মবিশ্বাসী শান্ত বাহিনী। তবে টি-টুয়েন্টিতে জয় পেতে অনুপ্রেরণার চেয়ে নির্দিষ্ট দিনে ভালো খেলাটাই জরুরি বলে মনে করেন টাইগার অধিনায়ক।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘অনুপ্রেরণা দিয়ে খুব বেশি ম্যাচ জেতা সম্ভব বলে আমি ব্যক্তিগতভাবে খুব বেশি বিশ্বাস করি না। আমরা কত ভালো প্রস্তুতি নিচ্ছি এবং আমরা জিততে চাই কিনা, এটা গুরুত্বপূর্ণ। সামনে দুইদিন প্রস্তুতির সুযোগ আছে। আমরা কীভাবে ভালো মতো প্রস্তুতি নিতে পারি, সেটা গুরুত্বপূর্ণ।’
‘জেতার মনমানসিকতা সঙ্গে টি-টুয়েন্টিতে নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে সেই জিতবে। এখানে বড় দল ছোট দল বলে কিছু আছে বলে আমার কাছে খুব একটা মনে হয় না। খুব একটা গুরুত্ব বহন করে না। খুব বেশি অনুপ্রেরণার দরকার নাই। ম্যাচ জিতেছি বলে অতি আত্মবিশ্বাসী হওয়ারও দরকার নাই। এই ম্যাচটা ভাবতে সাহায্য করবে যে এখানে এসেও জিততে পারি। এখানে এসে সেটা আমরা দেখলাম। এই বিশ্বাসটা নিয়ে আমরা যদি যাই, ভালো প্রস্তুতি নিতে পারি, পরিকল্পনা করতে পারি, এখান থেকেও জেতা সম্ভব।’
এ জয়ে দল আত্মবিশ্বাস পেলেও এখানেই থেমে থাকতে চান না শান্ত। টি-টুয়েন্টি সিরিজে জেতার জন্যই কিউইদের মুখোমুখি হতে চায় টিম টাইগার্স। ২৫ বর্ষী ভারপ্রাপ্ত অধিনায়কের ভাষ্য, ‘টি-টুয়েন্টি সিরিজের আগে এমন জয় অনেক আত্মবিশ্বাস দেবে। আমরা টি-টুয়েন্টি নিয়ে কী পরিকল্পনা করছি, সেটা গুরুত্বপূর্ণ। সিরিজ শুরুর আগে আমাদের প্রস্তুতির জন্য সময় নিতে হবে। ভালো ক্রিকেট টি-টুয়েন্টিতেও খেলতে হবে।’








