আজ রাজধানী ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে বইতে পারে দমকা বা ঝোড়ো হাওয়া। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ (৪ মে) সোমবার দুপুরের মধ্যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এসময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়ার অবস্থার কারণে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
অপরদিকে, সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আজ সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল ভোর ৫টা ২২ মিনিটে সূর্যোদয় হবে। এসময় আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে জনসাধারণকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।








