লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ছবি: সংগৃহীত
লঘুচাপের প্রভাবে দেশের তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শুক্রবার ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রাজধানী ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৬ শতাংশ।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে। পরদিন শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৭ মিনিটে।






