যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বড়দিনের রাতে শুরু হওয়া ভয়াবহ ঝড় ও টানা ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব প্রাকৃতিক দুর্যোগে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।
আজ ২৬ ডিসেম্বর শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টির কিছু এলাকায় প্রায় ১১ ইঞ্চি (২৭ সেন্টিমিটার) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টির ফলে বহু এলাকা প্লাবিত হয়, গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যায় এবং নিরাপত্তার কারণে অনেক মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।
বন্যার পানিতে গাড়ি আটকে পড়াসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে উদ্ধারকর্মীদের একাধিক উদ্ধার অভিযান চালাতে হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বুধবার লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যজুড়ে প্রায় এক লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন।
যুক্তরাষ্ট্রের ওয়েদার প্রেডিকশন সেন্টার বৃহস্পতিবার সতর্ক করে জানিয়েছে, আকস্মিক বন্যার ঝুঁকি এখনো রয়েছে। অনেক ছোট নদী ও খাল উপচে পড়তে পারে, যা বড় নদীগুলোর পানিপ্রবাহকেও প্রভাবিত করতে পারে বলে সতর্ক করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন সান দিয়েগোর ৬৪ বছর বয়সী এক ব্যক্তি, যিনি বুধবার সকালে একটি গাছ পড়ে মারা যান।
রেডিং শহরে ৭৪ বছর বয়সী আরেক ব্যক্তি বন্যার পানিতে গাড়ির ভেতর আটকে পড়েন এবং উদ্ধার প্রচেষ্টার সময় মারা যান। এছাড়া মেনডোসিনো কাউন্টির ম্যাককেরিচার স্টেট পার্কে সত্তরের কোঠায় এক নারী বড় ঢেউয়ের আঘাতে পাথর থেকে পড়ে সাগরে ভেসে গিয়ে প্রাণ হারান বলে শেরিফ কার্যালয় জানিয়েছে।
এদিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টির কিছু এলাকায় বাসিন্দাদের জন্য সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সান ফ্রান্সিসকো বে এলাকাতেও বৃহস্পতিবার সকালে আকস্মিক বন্যার সতর্কবার্তা দেওয়া হয়।








