ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা-এ এক ইউনিয়ন পরিষদ সদস্যকে ‘পুঁতে ফেলার’ হুমকির অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারকে ঘিরে ব্যাপক বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তার অশালীন ও দম্ভোক্তির বক্তব্য প্রকাশ পাওয়ার পর বিষয়টি জেলাজুড়ে আলোচনার ঝড় তোলে।
গত ২১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে ইউপি সদস্য ঘুষ দিতে অস্বীকৃতি জানালে আক্কাস আলীর বাড়িতে গিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বর মাসে টিআর (কাবিখা) কর্মসূচির আওতায় একটি প্রকল্পের বরাদ্দ পান বাচোর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আক্কাস আলী। অভিযোগ রয়েছে, প্রকল্পের কাজ শুরুর প্রক্রিয়ার সময় পিআইও নুরুন্নবী সরকার তার কাছে ২০ হাজার টাকা ‘উৎকোচ’ দাবি করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পিআইও ক্ষুব্ধ কণ্ঠে বলেন, আপনার মতো মেম্বার কেন? চেয়ারম্যানকেও আমি গুনি না! আপনারা পালিয়ে বেড়াবেন, এই অপরাধে আপনার মেম্বারি খেয়ে নেব। এমনকি চেয়ারম্যান পর্যন্ত এসে ‘আব্বা’ ডাকবে। একপর্যায়ে তিনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে প্রকাশ্যে ‘পুঁতে ফেলার’ হুমকি দেন বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাচোর ইউনিয়নের বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, একজন সরকারি কর্মকর্তা কীভাবে প্রকাশ্যে এমন হুমকি দিতে পারেন? এটি ক্ষমতার চরম অপব্যবহার।
ভুক্তভোগী ইউপি সদস্য আক্কাস আলী জানান, ঘুষ না দেওয়ায় তাকে এবং তার চেয়ারম্যানকে অপমান করা হয়েছে। বর্তমানে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত পিআইও নুরুন্নবী সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


