আত্মহত্যা করেছেন থর্প, জানাল পরিবার

ক্রিকেট খেলোয়াড় বল হাতে প্রস্তুত, মাঠে খেলার সময়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
আত্মহত্যা করেছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার গ্রাহাম থর্প। গত ৫ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার দেশটির সংবাদমাধ্যমে আত্মহত্যার বিষয়টি জানিয়েছেন থর্পের স্ত্রী ও কন্যা। থর্প হতাশা ও উদ্বেগের সাথে দীর্ঘদিন লড়ছিলেন। শেষপর্যন্ত হাল ছেড়ে দেন।
৫৫ বর্ষী থর্প ১৯৯৩ থেকে ২০০৫ সাল অবধি ইংল্যান্ডের হয়ে ১০০টি টেস্ট খেলেছেন। ১৬টি সেঞ্চুরিসহ ৬,৭৪৪ রান করেন। ওয়ানডেতে ৮২ ম্যাচে ২,৩৮০ করেন। কাউন্টিতে সারের হয়ে প্রায় ২০ হাজার রান করেছেন।
২০১০ সালে ইংল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নেন থর্প। ২০২১-২০২২ সালে অ্যাশেজে ব্যর্থতার পর তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ২০২২ সালে তাকে আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হলেও যোগ দেননি। তখন জানানো হয়েছিল, গুরুতর অসুস্থ থর্প।
ইসিবি গত সপ্তাহে জানায়, থর্প ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ ব্যাটারদের মধ্যে বিবেচিত, তিনি ৫৫ বছর বয়সে মারা গেছেন। পরে তার স্ত্রী এবং কন্যারা এক সাক্ষাৎকারে থর্পের দীর্ঘদিনের সতীর্থ মাইক আথারটনকে আত্মহত্যার কথা নিশ্চিত করেছেন।
থর্পের স্ত্রী বলেছেন, ‘গত কয়েক বছর ধরে গ্রাহাম বিষণ্ণতা ও উদ্বেগে ভুগছিলেন। ২০২২ সালের মে মাসে তার জীবনে বড় ঘটনা ঘটে যায়। সে কারণে একটি নিবিড় পরিচর্যা ইউনিটে দীর্ঘকাল থাকতে হয়েছিল। তিনি যখন হতাশা এবং উদ্বেগে ভুগছিলেন, তখন আমরা পরিবারের সবাই তাকে সমর্থন করেছি। তিনি চিকিৎসার চেষ্টাও করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত কোনটিতেই কাজ হয়নি।’







