ক্রিকেট

ছয় ফ্র্যাঞ্চাইজিতে তিন ফরম্যাট, নতুন ঘরোয়া কাঠামো ‘ডি-থ্রি ট্রফি’

ছয় ফ্র্যাঞ্চাইজিতে তিন ফরম্যাট, নতুন ঘরোয়া কাঠামো ‘ডি-থ্রি ট্রফি’

দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন কাঠামো চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফরম্যাটকে এক ছাতার নিচে এনে প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘ডি-থ্রি ট্রফি’। নতুন এই কাঠামোয় এনসিএল টি-টুয়েন্টি, বিসিএল ওয়ানডে ও বিসিএল প্রথম শ্রেণির (চার দিনের) তিন ফরম্যাটেই অংশ নেবে অভিন্ন ছয়টি ফ্র্যাঞ্চাইজি। দলগুলো হলো- একমি, ফরচুন গ্রুপ, এইস ব্লুস্টারস, সিটিজেনস ব্যাংক, ওয়ালটন গ্রুপ ও সেভেন সিংস সিমেন্ট।

রোববার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘ডি-থ্রি’ কাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে ছয় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তিন বছরের চুক্তি করেছে বিসিবি। তবে ফ্র্যাঞ্চাইজি মডেলে প্রতিযোগিতা আয়োজন করা হলেও এর আর্থিক ও পরিচালন কাঠামোর বড় অংশই থাকবে বোর্ডের নিয়ন্ত্রণে। ‘ডি-থ্রি’ কাঠামোয় ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যয়ের সীমা নির্ধারণ করবে বিসিবি। ক্রিকেটারদের পারিশ্রমিকও ঠিক করে দেবে বোর্ড। তিন ফরম্যাট মিলিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার দলে নিতে পারবে। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম।

শুধু ক্রিকেটার নয়, কোচিং স্টাফদের পারিশ্রমিকও নির্ধারণ করবে বিসিবি। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি মালিকানার কাঠামো থাকলেও টুর্নামেন্টটির আর্থিক ব্যবস্থাপনা ও পরিচালনায় বোর্ডের নিয়ন্ত্রণই থাকছে প্রধান। ব্যয়ের সীমা নির্ধারণের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলোর খরচ নিয়ন্ত্রণের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক সুবিধা বাড়ানো এবং তাদের খেলার সুযোগ সম্প্রসারণ করাও এই কাঠামোর অন্যতম লক্ষ্য।

আগামী ১৫ ডিসেম্বর বরিশাল ক্রিকেট স্টেডিয়ামে টি-টুয়েন্টি দিয়ে শুরু হবে ‘ডি-থ্রি ট্রফি’। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও এই পর্বের ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরপর জানুয়ারিতে মাঠে গড়াবে প্রথম শ্রেণির প্রতিযোগিতা। সবশেষে আগামী বছরের মে মাসে ৫০ ওভারের টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে পূর্ণতা পাবে তিন ফরম্যাটের এই কাঠামো।

‘ডি-থ্রি’তে তিন ফরম্যাট মিলিয়ে মোট ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে টি-টুয়েন্টিতে ১৯টি, ওয়ানডেতে ১৬টি এবং প্রথম শ্রেণির প্রতিযোগিতায় ৭টি ম্যাচ রাখা হয়েছে। তিন ফরম্যাট মিলিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বনিম্ন ১২টি এবং সর্বোচ্চ ১৭টি ম্যাচ খেলার সুযোগ পাবে।

বিষয়:আমিনুলডি-থ্রি ট্রফিতামিমবিসিবিলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…