জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ালে বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন কোনো রাজনৈতিক দলের সাথে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না। ড. ইউনূসের নেতৃত্বেই নির্বাচন হবে।
মঙ্গলবার ২৮ অক্টোবর দুপুরে রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেইনি। যদি সিদ্ধান্ত নিতে হয় অবশ্যই একটি নীতিগত জায়গা থেকে আসবে।
তিনি বলেন, যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায়, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায়। এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এ রকম কোনো শক্তির সাথে জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক বার ভাবতে হবে।
তিনি বলেন, আমরা একটা নতুন রাজনৈতিক শক্তি, জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে এবং আমরাও নিজেদের স্বকীয়তা নিয়ে দাঁড়াতে চাই।
নাহিদ বলেন, জুলাই সনদ সাক্ষর করতে আমরা অপেক্ষা করছি। জুলাই সনদ আদেশ বাস্তবায়ন হবে গনভোট হবে। গনভোটের মাধ্যমে ড. ইউনূস এই আদেশ স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতি এই আদেশ স্বাক্ষর করতে পারবে না। বিদ্যমান সংবিধানের আলোকে আদেশ সাংঘর্ষিক হবে। কোনো ধরণের নোট অব ডিসেন্ট থাকলে আমরা সেটিতে স্বাক্ষর করবো না।
নাহিদ বলেন, ফ্যাসিবাদী শক্তি, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ ও বৈদেশিক শক্তি নির্বাচন বানচালের চেষ্টা চালাবে। আওয়ামী লীগকে পুর্নাবাসন করার চেষ্টা করছে ১৪ দল।
শাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেন, নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না। শাপলা না দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা। তারা গায়ের জোরে কাজ করছে। রাজনৈতিক ভাবে যদি আদায় করতে হয় তাহলে রাজপথের মাধ্যমে আদায় করা হবে।








