যশোর জেলার বেনাপোল চেকপোস্ট হয়ে পেট্রাপোল দিয়ে ভারতে যেতে কোন বাধা নেই বাংলাদেশিদের। রবিবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সোশ্যাল মিডিয়ার কিছু প্রতিবেদন মিথ্যা দাবি করছে যে, মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যদি তাদের পূর্ববর্তী ভারত সফর তাদের বর্তমান ভ্রমণের আগের তিন মাসের মধ্যে হয়।
ভারতীয় হাই কমিশন স্পষ্টভাবে জানাচ্ছে যে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে সড়ক, রেল বা আকাশপথে ভারতে প্রবেশ-সংক্রান্ত নিয়মনীতিতে কোনো পরিবর্তন করা হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশি বন্ধুদের সোশ্যাল মিডিয়ায় এ ধরনের মিথ্যা পোস্ট এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
এরআগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়, ভিসার মেয়াদ আছে, বাংলাদেশ প্রান্তের ইমিগ্রেশনও হয়ে গেছে। কিন্তু ভারতের প্রান্তে ঢোকার সময় তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার থেকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় এমন ভোগান্তির মুখে পড়েছেন বাংলাদেশি দর্শনার্থী ও বাণিজ্য ভিসাধারীরা।
এই প্রেক্ষিতে বিষয়টির অফিশিয়াল ব্যখ্যা দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।








