রেলওয়ের বুকিং ক্লার্ককে মারধর করলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা

একজন যুবক রেলওয়ে বুকিং ক্লার্ককে মারধর করার সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে টিকেট কাউন্টারে শরীফুজ্জামান শরীফ নামে এক ব্যক্তি টিকেট চেয়ে না পাওয়ায় আরাফাত নামে একজন সহকারি বুকিং ক্লার্ককে কাউন্টারের ভিতরে ঢুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত শরীফুজ্জামান শরীফ ভৈরব পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় লিখিত অভিযোগ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ভৈরব রেলওয়ে টিকেট কাউন্টারে এ ঘটনা ঘটে। আহত আরাফাতকে সহকর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ৫দিনের বিশ্রাম দেন।
এ ঘটনায় বিকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত তিন ঘণ্টা কাউন্টার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
ভুক্তভোগী আরাফাত জানান, শরীফুজ্জামান শরীফ ফোন করে বলেন ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের দুটি টিকেট রাখতে। সাড়ে চারটার দিকে কাউন্টারে এসে টিকেট চাইলে একটি টিকেট ম্যানেজ করে দেয়া হয়। দুই টিকেট দিতে না পারায় কাউন্টারে ঢুকার জন্য চাবি চায়। আমি গেইট খুলে দিলে সে আমাকে লাথি এবং কিল ঘুষি দেয়। এ ঘটনায় আমি রেলওয়ে থানায় অভিযোগ দিয়েছি।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, বৃহস্পতিবার বিকেলে শরীফুজ্জামান শরীফ নামে স্থানীয় এক ব্যক্তি কাউন্টারে এসে টিকেট চায়। সিটযুক্ত টিকেট নাই বলার পর ক্ষুব্ধ হয়ে কাউন্টারের ভিতরে ঢুকে সহকারি বুকিং ক্লার্ক আরাফাতকে মারধর করেন। আহত আরাফাতকে চিকিৎসা দেয়া হয় এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে শরীফুজ্জামান শরীফ মারধরের ঘটনা অস্বীকার করেন। তবে টিকেট না পাওয়ায় বুকিং ক্লার্ককের সাথে বাগবিতণ্ডা হয়েছে বলে জানান তিনি।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন সিকদার জানান, রেলওয়ের সহকারি বুকিং ক্লার্ক আরাফাতকে মারধরের ঘটনায় বৃহস্পতিবার রাতেই একটি অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




