কোটা সংস্কার আন্দোলন ঘিরে আটক ও গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
ভয়েস অব আমেরিকা মঙ্গলবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক সোমবার (২৯ জুলাই) বলেছেন, জাতিসংঘ মহাসচিব সাম্প্রতিক ছাত্র আন্দোলন ঘিরে হাজার হাজার যুবক এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তারের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন।
ডুজারিক বলেন, অ্যান্তনি গুতেরেস নতুন করে ছাত্র বিক্ষোভের খবর পেয়েছেন এবং শান্তি ও সংযমের জন্য পুনরায় আহ্বান জানিয়েছেন। মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ এবং নিরাপত্তা বাহিনীর মাত্রারিক্ত শক্তি প্রয়োগের খবরে তিনি শঙ্কিত।
ডুজারিক আরও বলেন, জাতিসংঘ ঢাকায় এবং নিউইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে তাদের উদ্বেগের কথা তুলে ধরা অব্যাহত রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সৈন্য নিয়োগকারী দেশ হিসেবে বাংলাদেশ মানবাধিকার সম্মুনত রাখবে বলে আমার বিশ্বাস।
জাতিসংঘের প্রতীকযুক্ত যান ব্যবহার বিষয়ে মুখপাত্র ডুজারিক জানান, জাতিসংঘের ইনসিগনিয়াযুক্ত সামরিক যানবাহন রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে সরকারের বক্তব্য তারা আমলে নিয়েছে।
তিনি আরও বলেন, জাতিসংঘের সৈন্য এবং পুলিশ দিয়ে সাহায্যকারী দেশগুলো কেবল তখনই জাতিসংঘের প্রতীক এবং সরঞ্জামগুলো ব্যবহার করবে, যখন তারা জাতিসংঘের শান্তিরক্ষা বা জাতিসংঘের রাজনৈতিক মিশনের অংশ হিসেবে কাজ করবে।







