বিনোদন

‘লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার’ সিজন ৩ এর ট্রেলারে মহাযুদ্ধের ইঙ্গিত

‘লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার’ সিজন ৩ এর ট্রেলারে মহাযুদ্ধের ইঙ্গিত

‘লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার’ সিজন ৩ এর প্রিমিয়ার আগামী ১১ নভেম্বর। তিন ধাপে মুক্তি পাবে আট পর্বের এই নতুন সিজন। ফিরছেন পরিচিত তারকারা, নতুন সংযোজন জেমি ক্যাম্পবেল বাওয়ার।

অন্ধকারের প্রভু সাউরনের ক্ষমতা বিস্তারের লড়াই, ওয়ান রিং তৈরির পরিকল্পনা এবং মধ্য-পৃথিবীকে রক্ষায় বিভিন্ন জাতির সংঘাত—এসব নিয়েই ফিরছে জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার’। সিরিজটির তৃতীয় সিজনের ট্রেলার প্রকাশ করেছে প্রাইম ভিডিও। ট্রেলারে সাউরনের ক্রমবর্ধমান শক্তি, অশুভ শক্তির প্রত্যাবর্তন এবং মধ্য-পৃথিবীকে ঘিরে আসন্ন ভয়াবহ যুদ্ধের আভাস পাওয়া গেছে।

২০২৬ সালের ১১ নভেম্বর মুক্তি পাবে সিরিজটির তৃতীয় সিজন। মোট আটটি পর্ব তিন ধাপে প্রকাশ করা হবে। প্রথম দিন মুক্তি পাবে চারটি পর্ব। এরপর ১৮ নভেম্বর প্রকাশিত হবে পঞ্চম ও ষষ্ঠ পর্বে এবং সবশেষে ২৫ নভেম্বর মুক্তি পাবে শেষ দুটি পর্ব।

নতুন সিজনের গল্পে সাউরন তার কাঙ্ক্ষিত সর্বময় ক্ষমতা অর্জনের আরও কাছাকাছি পৌঁছে যায়। অন্যদিকে, তার পরিকল্পনা ভেস্তে দিতে মধ্য-পৃথিবীর এলফ, ডোয়ার্ফ, মানুষ ও জাদুকরদের একত্রিত হওয়ার প্রয়োজন দেখা দেয়। কিন্তু নিজেদের মধ্যে বিভক্ত বিভিন্ন রাজ্যের পক্ষে এই ঐক্য গড়ে তোলা সহজ হবে না।

ট্রেলারে গ্যালাড্রিয়েলের চরিত্রে মরফিড ক্লার্ককে বলতে শোনা যায়, ‘সবকিছু এসে এই পরিণতিতেই পৌঁছেছে।’ সংলাপটির মধ্য দিয়ে মধ্য-পৃথিবীর ওপর ঘনিয়ে আসা বিপদের গুরুত্ব ফুটে উঠেছে। নতুন সিজনে যুদ্ধ, পরিবর্তনশীল রাজনৈতিক জোট এবং সাউরনকে থামাতে বিভিন্ন চরিত্রের কঠিন সিদ্ধান্তের গল্প তুলে ধরা হবে।

এরিগিয়নের পতনের পাঁচ বছর পর থেকে শুরু হবে নতুন অধ্যায়। এরই মধ্যে সাউরনের বাহিনী মধ্য-পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। মর্ডরের বারাদ-দুর দুর্গে বসে সাউরন ওয়ান রিং তৈরির পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। এই আংটির শক্তি ব্যবহার করে অবশিষ্ট রাজ্যগুলোকে নিজের নিয়ন্ত্রণে আনাই তার প্রধান লক্ষ্য।

সিরিজের আনুষ্ঠানিক সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, সাউরনের চূড়ান্ত বিজয়ের পথে এখনো কয়েকটি প্রতিরোধ রয়েছে। এর মধ্যে রয়েছে খাজাদ-দুমের ডোয়ার্ফদের রাজ্য এবং এলফদের লিন্ডন ও রিভেনডেল। খাজাদ-দুমের ডোয়ার্ফরা পাহাড়ের গভীরে নিজেদের আবাসস্থলে অবরুদ্ধ। অন্যদিকে, লিন্ডন ও রিভেনডেল সুরক্ষিত রয়েছে এলফদের তিনটি আংটির শক্তিতে।

সাউরনকে পরাজিত করতে হলে মধ্য-পৃথিবীর স্বাধীন জাতিগুলোকে নিজেদের মতপার্থক্য ভুলে একত্রিত হতে হবে। কিন্তু ট্রেলারে দেখা যায়, বিভিন্ন রাজ্য নিজেদের অভ্যন্তরীণ সংকট সামলাতেই ব্যস্ত। ফলে আসন্ন বিপদের মোকাবিলায় সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা আরও কঠিন হয়ে উঠছে।

এলফরা নিজেদের ভূখণ্ড রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, খাজাদ-দুমের ডোয়ার্ফদের সামনে নতুন বিপদ হয়ে দাঁড়িয়েছে বালরগ। মিথ্রিল খনন করতে গিয়ে তারা এই ভয়ংকর প্রাণীকে জাগিয়ে তুলেছিল। পাহাড়ের গভীরে তার উপস্থিতি ডোয়ার্ফদের জন্য বড় হুমকি হয়ে রয়েছে।

নুমেনরেও রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। পরিস্থিতি গৃহযুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। রাজ্যের মানুষের মধ্যে বিভক্তি থাকায় সাউরনের বিরুদ্ধে লড়াইয়ে নুমেনরের কার্যকর ভূমিকা পালন করাও কঠিন হতে পারে। এদিকে, গ্যান্ডালফ রুন অঞ্চলে নিজের যাত্রা অব্যাহত রেখেছেন। জাদুশক্তি ও অন্যদের প্রভাবিত করার ক্ষমতা কাজে লাগিয়ে তিনি অন্ধকারের শক্তিকে প্রতিহত করার চেষ্টা করছেন।

নতুন ট্রেলারের অন্যতম আকর্ষণ নাজগুলদের উৎপত্তির সঙ্গে সম্পর্কিত কিছু চরিত্রের উপস্থিতি। পরবর্তী সময়ে সাউরনের সবচেয়ে ভয়ংকর অনুগামীদের মধ্যে পরিণত হওয়া এই রিংরেইথরা একসময় ছিল সাধারণ মরণশীল মানুষ। সাউরনের ক্ষমতা ও প্রভাবের জালে জড়িয়ে পড়ে তারা ধীরে ধীরে নিজেদের মানবিক সত্তা হারায়।

সিরিজের শোরানার জে ডি পেইন ও প্যাট্রিক ম্যাককে চরিত্রগুলোর প্রাথমিক পর্যায় বোঝাতে ‘নাজনাগোল’ শব্দটি ব্যবহার করেছেন। টলকিনের ‘ব্ল্যাক স্পিচ’ বা কালো ভাষার সঙ্গে সম্পর্কিত এই নাম আংটির অনুগামীদের বোঝায়। গাঢ় বর্ম পরিহিত চরিত্রগুলোর উপস্থিতি থেকে ইঙ্গিত পাওয়া যায়, কীভাবে সাউরনের প্রভাব সাধারণ মানুষকেও তার অশুভ পরিকল্পনার অংশ করে তুলতে পারে।

এতে গল্পের পরিসর আরও বিস্তৃত হয়েছে। সাউরনের উত্থান শুধু রাজ্য ও সেনাবাহিনীর জন্য নয়, তার ক্ষমতার জালে আটকে পড়া ব্যক্তিদের জীবনেও কীভাবে বিপর্যয় ডেকে আনে, সেই দিকটিও নতুন সিজনে গুরুত্ব পেতে পারে।

তৃতীয় সিজনে সাউরনের চরিত্রে চার্লি ভিকার্স, এলরন্ডের চরিত্রে রবার্ট আরামায়ো, অ্যারন্ডিরের চরিত্রে ইসমায়েল ক্রুজ কর্ডোভা, প্রিন্সেস ডিসার চরিত্রে সোফিয়া নোমভেটে, এলেনডিলের চরিত্রে লয়েড ওয়েন এবং নোরি ব্র্যান্ডিফুটের চরিত্রে মার্কেলা কাভেনাঘ ফিরছেন।

এ ছাড়া, অভিনয়শিল্পীদের দলে নতুন সংযোজন জেমি ক্যাম্পবেল বাওয়ার। তিনি অভিনয় করবেন গ্যালাড্রিয়েলের দীর্ঘদিনের হারিয়ে যাওয়া স্বামী সেলেবর্নের চরিত্রে।

সব মিলিয়ে, নতুন সিজনে সাউরনের ক্ষমতা বিস্তারের প্রচেষ্টা, মধ্য-পৃথিবীর বিভিন্ন রাজ্যের অভ্যন্তরীণ সংকট এবং অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লড়াই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সাউরনকে থামাতে বিভক্ত রাজ্যগুলো শেষ পর্যন্ত এক হতে পারবে কি না, সেটিই হতে পারে ‘লর্ড অব দ্য রিংস:দ্য রিংস অব পাওয়ার’-এর তৃতীয় সিজনের অন্যতম প্রধান প্রশ্ন। হিন্দুস্তান টাইমস

বিষয়:চার্লি ভিকার্স জেমি ক্যাম্পবেল বাওয়ার প্রাইম ভিডিও লর্ড অব দ্য রিংস: দ্য ‍রিংস অব পাওয়ার সিজন ৩ সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…