আবারও বেড়েছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৯০৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা। এই দাম এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে, দেশের বাজারে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ২০ হাজার ৮১ টাকা।
রোববার ১৮ আগস্ট এক বিবৃতিতে এই কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
নতুন দাম অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৭ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬২৫ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৭১ টাকা বাড়িয়ে ৮৩ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার ১৯ আগস্ট থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।







