দেশের অন্যতম বড় মোকাম কুষ্টিয়ার খাজানগরে বেড়েছে সব ধরনের চালের দাম। বেশি বেড়েছে মোটা চালের দাম। এক মাসের ব্যবধানে কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে চালের দাম।
হঠাৎ ধানের দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে চালের দাম বাড়ানো হয়েছে বলে দাবি চালকল মালিকদের। চালকল মালিকরা বলছেন, হঠাৎ করে মণ প্রতি ধানের দাম প্রায় ২০০ টাকা বেড়ে গেছে। ফলে বাধ্য হয়ে চালের দামও বাড়াতে হচ্ছে। সরু চালের পাশাপাশি মোটা চালেরও দাম বেড়েছে।
এদিকে মিল গেটে চালের দাম বাড়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারে। খাজানগর মোকামের অনেক চালকলে ধান ও চালের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে দাবি চালকল মালিক নেতাদের।
এ মাসের শুরুর দিকে আটাশ চালের প্রতি বস্তার দাম ছিল ১ হাজার ৩৮০ টাকা থেকে ১ হাজার ৪০০ টাকা। সেই চাল এখন বিক্রি হচ্ছে ১ হাজার ৪৫০ টাকারও বেশি। একই সাথে কাজললতা নামের জাতের চাল মানভেদে বিক্রি হচ্ছে ১ হাজার ৫২০ টাকার বেশি।








