বর্ষার আগমনকে ঘিরে ভাঙন আতঙ্কে জাজিরার পদ্মা পাড়ের মানুষ। শতাব্দিকাল থেকেই পদ্মার ভাঙনে ঘর বাড়ি, জমি-জমা ও সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। বর্ষাকালে নদীতে পানি ও স্রোত বেড়ে যাওয়ায় এসময় নদী ভাঙন প্রবণতা অনেক বেড়ে যায়। তাই বর্ষাকাল নদী পারের মানুষদের জন্য কোথাও কোথাও আতঙ্কের হয়ে উঠে।
পদ্মার আগ্রাসনে সহায়-সম্বল হারানোরা দ্রুত নড়িয়ার আদলে স্থায়ী রক্ষা বাঁধের দাবি জানিয়েছেন।
জাজিরা অঞ্চলের ভাঙন রোধে পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প প্রস্তাবনা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী।
নড়িয়ার ১০ দশমিক ২ কিলোমিটার স্থায়ী রক্ষা বাঁধ হওয়ায় নদী ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা পেয়েছেন ওই অঞ্চলের মানুষ। তবে জাজিরা উপজেলার ৬ ইউনিয়নের মানুষ এখনো অরক্ষিত। তাই প্রতি বর্ষার মতো এবারও আতঙ্কিত এই জনপদ।
৮ দশমিক ছয় সাত কিলোমিটার দীর্ঘ স্থায়ী বাঁধ দ্রুত নির্মাণের মধ্য দিয়ে জাজিরা অঞ্চলের মানুষকে শত বছরের পদ্মার ভাঙন থেকে রক্ষা করার দাবি জানিয়েছে এই জনপদের মানুষ।








