ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন। আগামী দুই বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ড. শেলীনা নাসরীনকে এ নিয়োগদান করেন।
রোববার ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বলা হয়, নিয়োগপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলামের মেয়াদ ৩০ জুন শেষ হওয়ায় আগামী পহেলা জুলাই থেকে ওই পদে অধ্যাপক ড. শেলীনা নাসরীন দায়িত্ব পালন করবেন। এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০) এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে দেওয়া হয়েছে। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, বিশ্ববিদ্যালয়ের যাত্রার শুরু থেকেই এই ফ্যাকাল্টি ছিল। আমার অগ্রজরা যথাযথভাবে দায়িত্ব পালন করে আজ এই পর্যায়ে নিয়ে এসেছেন। যিনি আজ ডিন হিসেবে দায়িত্ব শেষ করলেন তিনিও আমার শিক্ষক। আমি ১৯৯০-৯১ থেকে এই ফ্যাকাল্টির সাথে যুক্ত। এটা আমার খুবই পরিচিত, পছন্দের ক্ষেত্র। এখানে যেমন এনার্জেটিক নতুন শিক্ষক এসেছেন তেমনি অভিজ্ঞ শিক্ষকরাও রয়েছেন। উভয়ের সমন্বয়ে এই ফ্যাকাল্টিকে আরও এগিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো।







