গাড়ি চালানোর সময় দুই মাস বয়সী শিশুসন্তানের কান্না থামাতে দুধের বোতলে মদ ঢেলে শিশুকে পান করালেন মা। পরে শিশু অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
এনডিটিভি জানিয়েছে, গত সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনো কাউন্টির রিয়াল্টো শহরের বাসিন্দা অনেস্টি দি লা তোরে নামক একজন নারীকে শিশুর খাবারে অ্যালকোহল মেশানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় অভিযুক্ত নারী নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।
গত শনিবার গভীর রাতে ক্যালিফোর্নিয়ার রিয়াল্টোর রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন ৩৭ বছর বয়সী অনেস্টি। সাথে ছিল তার সাত সপ্তাহ বয়সের শিশুসন্তান। গাড়ি চালানোর সময় বাচ্চার কান্না থামাতে তার দুধের বোতলে অ্যালকোহল মিশিয়ে দেন তিনি। ওই দুধ পান করার ফলে শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অনেস্টিকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ৬০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৬৬ লাখ টাকার বন্ডে ওয়েস্ট ভ্যালি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। তবে শিশুটির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।








