কুষ্টিয়া পৌরসভায় কথা কাটাকাটির জেরে ঘুষি মেরে নারী কাউন্সিলর পারভীন হোসেনের ঠোঁট ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আরেক কাউন্সিলর কৌশিক আহম্মেদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার ৪ জুলাই দুপুর ১টার দিকে পৌরসভায় কাউন্সিলরদের মিলনায়তনে এমন ঘটনা ঘটে।
পারভীন হোসেন কুষ্টিয়া পৌরসভার সংরক্ষিত ১৯, ২০ ও ২১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর। আর অভিযুক্ত কাউন্সিলরের নাম কৌশিক আহম্মেদ। তিনি ৮ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর।
পারভীন হোসেন বলেন, নামাজের আগ দিয়ে কাউন্সিলর কৌশিক নামাজের উদ্দেশে মসজিদের দিকে যাচ্ছিল। এ সময় আমি পেছন থেকে বাবা-সোনা বলে ডাক দিই। এরপর তিনি এসে, আমি নাকি তাকে গালি দিয়ে ডাক দিয়েছি বলেই কিলঘুষি মারতে থাকে। ঘুষি মেরে আমার ঠোঁট ফাটিয়ে দিয়েছে। আমি তাকে ছাড়ব না। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
অভিযুক্ত কৌশিক আহম্মেদ বলেন, নারী কাউন্সিলর মদ পান করে এখানে আসেন প্রতিদিন। সে আমাকে বিশ্রী ভাষায় গালি দিয়ে ডাক দেন। আমি এর প্রতিবাদ করায় সে আমাকে চায়ের কাপ ছুড়ে মারে। এরপর আমি তাকে ঘুষি মেরেছি। তিনি বলেন, মদ্যপান করে এসে প্রতিদিন সে ঝামেলা করে।
প্রত্যক্ষদর্শী অন্য কাউন্সিলররা জানান, কৌশিক ইচ্ছাকৃতভাবে তাকে ঘুঁষি মেরেছে। ঘুষি মেরে সে অন্যায় করেছে। তার বিচার হবে। এ ধরনের ঘটনা কাম্য নয় বলে জানান তারা।
পুলিশ জানায়, নারী কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ পেয়ে আমরা এসেছি। এখন উত্তেজনা নেই। দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে।








