দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, সারাদেশের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
রোববার (২৬ মে) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এবারের ঘূর্ণিঝড়ে প্রচুর বৃষ্টিপাত হবে। তাতে ভূমিধ্বস হতে পারে পাহাড়ি অঞ্চলে। ঘূর্ণিঝড়ের ২৪ ঘন্টার মধ্যে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির কারণে সারাদেশে বিভিন্ন সেবা বিঘ্নিত হতে পারে। সেজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সবার ছুটি বাতিল করা হয়েছে।
মন্ত্রী বলেন, ৮-৯ হাজার আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আশ্রয়কেন্দ্রের জন্য প্রস্তুত করা হয়েছে। উপকূলীয় এলাকার সবাইকে দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর।
মন্ত্রী বলেন, আজ সন্ধ্যায় আঘাত হানা শুরু করবে রেমাল। মধ্যরাতে মূল আঘাত আসবে। ৫০ শতাংশ বা ৮ লাখের মত মানুষ আশ্রয়কেন্দ্রে এসেছে।
উপকূলীয় অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। আজ সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত বঙ্গবন্ধু টানেল বন্ধ থাকবে।







