সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় স্কুল ছাত্রদের দ্বারা প্রধান শিক্ষক মারাত্মক আহত হয়েছেন। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার অমিত কুমার বিশ্বাস ও সেনা সহায়তায় প্রাণে রক্ষা পান প্রধান শিক্ষক।
রোববার (২০ অক্টোবর) সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের সুরত আলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলীর স্থানীয় ওপর হঠাৎ মব সৃষ্টি করে নৃশংস হামলা চালায় ছাত্ররা।
হামলা ও মারপিটের শিকার হযরত আলী জানান, সকালে স্কুলে গেলে স্থানীয় আজাদ বাহিনী কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে তার ওপর হঠাৎ মব সৃষ্টি করে নৃশংস হামলা চালায়। সাথে সাথে স্থানীয়রা ইউএনওকে খবর দেন। খবর পেয়ে সেনাসদস্যরা দক্ষতার সাথে তাকে উদ্ধার করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
তিনি জানান, উদ্ধারের পর তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ৫ অগাস্টের পরিবর্তিত পরিস্থিতির পর থেকে স্থানীয় একদল সুযোগসন্ধানীরা তাকে অন্যায়ভাবে সরানোর চেষ্টাসহ হেনস্তার জন্য অপচেষ্টা চালিয়ে আসছিল। যা তিনি জেলা প্রশাসক, শিক্ষা অফিসার, ইউএনওসহ বিভিন্ন স্থানে অবগত করেছেন।
উপজেলা সহকারি কমিশনার অমিত কুমার বিশ্বাস বলেন, সবার সহায়তায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। উপজেলা প্রশাসন কোন ধরনের বিশৃংখলা ঘটতে না দেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবে। আইন শৃংখলা রক্ষায় মাঠ প্রশাসন ও আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনী পুলিশ সবাই স্বচেষ্ট। প্রধান শিক্ষকের অবস্থার উন্নতি ঘটেছে।
কালিগঞ্জ থানার সাব ইন্সপেক্টর এসআই তাপস কুমার ঘোষাল জানান, এই ঘটনায় এখনও কোন মামলা হয়নি। তবে প্রধান শিক্ষক অভিযোগ করলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







