‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে, আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে’। আজ পহেলা আষাঢ়, বর্ষা ঋতুর প্রথম দিন। বৃষ্টির বারতা আর মেঘের ঘনঘটা নিয়ে এবছর বর্ষা ঋতুর আগমন ঘটছে।
আজ (১৫ জুন) শনিবার বর্ষা ঋতুর প্রথম দিন ভোর থেকেই আকশে মেঘের ঘনঘটা জানান দিচ্ছে বর্ষার আগমনী বার্তা। গ্রীষ্মের দাবদাহে জীর্ণ, তপ্ত পৃথিবীতে বর্ষা নিয়ে আসে শান্তির ছোঁয়া। দোলনচাঁপা, কদম, মালতী আর কেতকীর সুবাস বাতাস। ষড়ঋতুর এই দেশে আষাঢ় এবং শ্রাবণ এই দুই মাস নিয়ে বর্ষা ঋতু।
বাংলা সাহিত্যে বর্ষা কখনো প্রেমের ঋতু, আবার কখনো বা বিরহের। মহাকবি কালীদাস মেঘদূত কাব্যে পাঠককে মুগ্ধ করেছেন আষাঢ়ের রূপে। রবীন্দ্রনাথের সাহিত্যের বড় অংশজুড়ে আছে বর্ষা। আষাঢ় কবিতায় তিনি আহ্বান করেছেন, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে।
আষাঢ় বাংলা সনের তৃতীয় মাস। ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের চতুর্থ মাস। এটি বাংলার বর্ষা মৌসুমের অন্তর্ভুক্ত দুই মাসের প্রথম মাস।নামটি এসেছে পূর্বাষাঢ়া নক্ষত্র ও উত্তরাষাঢ়া নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে।







