চলতি মৌসুমে সরকারের বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে আজ থেকে। মঙ্গলবার ৭ মে দুপুরে সচিবালয়ে নিজ দপ্তর থেকে ভার্চুয়ালি বিভিন্ন জেলার সঙ্গে যুক্ত হয়ে ধান-চাল ও গম কেনা কর্মসূচি উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ধান-চাল সংগ্রহ কার্যক্রম ৩১ আগস্ট পর্যন্ত চললেও জুনের মধ্যে লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ অর্জনের নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।
লক্ষ্যমাত্রা অনুযায়ী, আসন্ন বোরো সংগ্রহ ২০২৪ মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল, আতপ চাল ১ লাখ টন এবং ৫০ হাজার টন গম সংগ্রহ করা হবে।
এর আগে (২১ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় লক্ষ্যমাত্রা ও দাম নির্ধারণ করা হয়েছে। বোরোতে এবার ১৭ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা এবং গম ৩৪ টাকা।
২০২৩ সালে ধান-চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকা। ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ চলবে।
হাওরাঞ্চল থেকে প্রায় শতভাগ ধান সংগ্রহ হয়ে গেছে। উত্তরাঞ্চল থেকে শতকরা ১০ ভাগ সংগ্রহ হয়েছে। অন্যান্য অঞ্চল থেকেও সংগ্রহ চলছে। সামগ্রিকভাবে শতকরা ৫০ থেকে ৬০ ভাগ সংগ্রহ হয়ে গেছে।







