সরকার পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেন, নিরপেক্ষভাবে অগ্রাধিকার পাওয়ার যোগ্য নতুন প্রকল্পকগুলোকেই শুধুমাত্র একনেকে অনুমোদন হবে। কিছু প্রকল্প অনেকদিন ধরে ঝুলে আছে, সেগুলোও দেখা হবে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) একনেক সভাশেষে পরিকল্পনা উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, একনেকে প্রকল্প অনুমোদন মানেই সব না, বাস্তবায়নকারী মন্ত্রনালয়কে আরও দায়বদ্ধ করা হবে।
তিনি বলেন, হিমাগারে পড়ে থাকা ১ বিলিয়ন ডলারের প্রকল্প অর্থায়ন বাজেট সহায়তা বাবদ ব্যবহারে সায় দিয়েছে বিশ্বব্যাংক। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হলেই সেটা খারাপ প্রকল্প নয়, যেকোন রাজনৈতিক সরকার রাজনৈতিক প্রকল্প নেবে, তাতে দোষের কিছু নাই। কিন্তু অপচয় বা দুর্নীতির উদ্দেশ্যে যোগসাজশ হলে তা দোষের।
এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।







