সাউথ আমেরিকার দেশ পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টোলেডোকে ঘুষ কেলেঙ্কারিতে ২০ বছরেরও বেশি সময়ের জন্য কারাদণ্ড দেয়া হয়েছে। নির্মাণ সংস্থার দুর্নীতির সাথে জড়িতের অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছিলেন টোলেডো, পেরু সরকার সেখান থেকে তাকে ফিরিয়ে এই বিচার করলো।
সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রসিকিউটররা বলেছেন, সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টোলেডো ব্রাজিলের একটি নির্মাণ সংস্থার কাছ থেকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ নিয়েছিলেন। পরে ব্রাজিলিয়ান ওই সংস্থাকে দক্ষিণ পেরুর একটি রাস্তা নির্মাণের জন্য কাজ দেয়া হয়েছিল।
গত সপ্তাহের শুনানিতে নিজের শারীরিক অসুস্থতা বিষয়ে আলেজান্দ্রো টোলেডো আদালতে বলেন, আমি অসুস্থ, আমি একটি প্রাইভেট ক্লিনিকে যেতে চাই। আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে আমাকে ভাল হতে দিন বা বাড়িতে মারা যেতে দিন।
৭৮ বছর বয়সী টোলেডো ২০০১ সালে পেরুর প্রেসিডেন্ট হয়েছিলেন। পেরুতে ঘুষ বিষয়ক আইনি শাস্তিগুলোর মধ্যে দেয়া কঠোরতম শাস্তি পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টোলেডো।
২০১৯ সালে যুক্তরাষ্ট্রে আলেজান্দ্রো টোলেডোকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় যুক্তরাষ্ট্রের কাছে টোলেডোকে ফেরত চেয়ে অনুরোধ করে পেরু। আইনি বিতর্কের পর ২০২২ সালে ফেরত পাঠানো হয় তাকে।
সংশ্লিষ্ট মামলায় পেরু, পানামা এবং ইকুয়েডরে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে। গুয়াতেমালা এবং মেক্সিকোর মতো দেশগুলোতেও এই ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতির তদন্ত চলছে।








