বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে এবং তা অব্যাহত আছে। সেই সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল ধীর গতিতে হ্রাস পাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার বন্যা পূর্বাভাস কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে: বিগত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাসমূহে উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ-নদীর পানি সমতল হ্রাস অব্যাহত আছে। ফলে বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির গতকাল হতে উন্নতি শুরু হয়েছে এবং অব্যাহত আছে।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী সমূহের পানি সমতল হ্রাস পেতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় এ অঞ্চলের ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা ইত্যাদি নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, উত্তরাঞ্চলের তিস্তা-ধরলা-দুধকুমার নদীসমূহের পানি সমতল সামগ্রিকভাবে স্থিতিশীল আছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
সেনাবাহিনী, কোষ্টগার্ড, বিজিবি, জেলা প্রশাসন, স্থানীয় শিক্ষার্থী ও বাপাউবো দুর্যোগ মোকাবিলায় কাজ করছে।
শনিবার সকাল ৯টায় দেশের ৬টি নদীর পানি ৯টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে বইছিল। এখন পর্যন্ত বিপদসীমার ওপর দিয়ে যেসব নদীর পানি প্রবাহিত হচ্ছে সেগুলো হলো: কুশিয়ারা নদীর- অমরশীদ, শেওলা, শেরপুর-সিলেট, মারকুলী স্টেশন; মনু নদীর মৌলভীবাজার স্টেশন, খোয়াই নদীর বাল্লা স্টেশন, গোমতী নদীর কুমিল্লা স্টেশন, ফেণী নদীর রামগড় স্টেশন এবং মুহুরী নদীর পরশুরাম স্টেশনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীতে ৮৪.০ (মি.মি.) এবং টেকনাফ (কক্সবাজার) ৫৮.০ (মি.মি.)।










