শিক্ষা

বাংলাদেশি তরুণদের জন্য জার্মানিতে শিক্ষা ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

বাংলাদেশি তরুণদের জন্য জার্মানিতে শিক্ষা ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

ছবি: সংগৃহীত

বাংলাদেশি তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মানিতে শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও আন্তর্জাতিক কর্মজীবনের জন্য প্রস্তুত করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ কেয়ারগিভিং অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (বিসিটিটিআই) এবং জার্মানি ও বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান জার্মান শিখি।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে বিসিটিটিআইয়ের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিসিটিটিআইয়ের পক্ষে এতে স্বাক্ষর করেন ইউনিক গ্রুপের স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন খাতের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিসিটিটিআইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোটারিয়ান মো. মাসেকুর রহমান খান, পিএইচএফ। জার্মান শিখির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুসরাত জাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা, ট্রাস্টের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা সৈয়দ সানোয়ারুল হক, সিএফই। এ ছাড়া ইউনিক গ্রুপ ও বিসিটিটিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এই সমঝোতার আওতায় বাংলাদেশি তরুণ ও দক্ষ পেশাজীবীদের জার্মান ভাষা শিক্ষা, দেশটির সংস্কৃতি সম্পর্কে ধারণা, কর্মজীবনের প্রস্তুতি এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নে দিকনির্দেশনা দেওয়া হবে। বিশেষ করে জার্মানির আউসবিল্ডুং বা বৃত্তিমূলক প্রশিক্ষণসহ বিভিন্ন উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ গ্রহণে আগ্রহীদের প্রস্তুত করতে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

অনুষ্ঠানে সৈয়দ সানোয়ারুল হক বলেন, বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠী দেশের অন্যতম প্রধান সম্পদ। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী তাদের ভাষা, কারিগরি দক্ষতা, পেশাগত আচরণ, যোগাযোগ সক্ষমতা ও সাংস্কৃতিক জ্ঞান অর্জন জরুরি। যৌথ উদ্যোগটি যথাযথভাবে বাস্তবায়িত হলে যোগ্য বাংলাদেশি তরুণ ও দক্ষ কর্মীদের জার্মানির শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মক্ষেত্রে প্রবেশের সক্ষমতা বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে মো. মাসেকুর রহমান খান বলেন, আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা, ভাষাগত সক্ষমতা, সাংস্কৃতিক জ্ঞান, কর্মনৈতিকতা ও যোগাযোগ দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দেশের শিক্ষা ও কর্মপরিবেশ সম্পর্কে যথাযথ প্রস্তুতি প্রয়োজন। তরুণ ও দক্ষ জনশক্তিকে আন্তর্জাতিক মানের দক্ষ, আত্মবিশ্বাসী ও কর্মোপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।

জার্মান শিখির ব্যবস্থাপনা পরিচালক নুসরাত জাহান বলেন, জার্মানিতে শিক্ষা, প্রশিক্ষণ কিংবা পেশাগত জীবন গড়তে ভাষা শেখার পাশাপাশি দেশটির সংস্কৃতি, যোগাযোগের ধরন, কর্মক্ষেত্রের প্রত্যাশা, শৃঙ্খলা ও দৈনন্দিন জীবন সম্পর্কে ধারণা থাকা জরুরি। জার্মানিভিত্তিক অভিজ্ঞতা, ভাষা প্রশিক্ষণ ও সাংস্কৃতিক পরিচিতিমূলক কার্যক্রমের মাধ্যমে জার্মান শিখি বিসিটিটিআইয়ের সঙ্গে যৌথভাবে বাংলাদেশি প্রার্থীদের বাস্তবভিত্তিক প্রস্তুতি নিশ্চিত করতে কাজ করবে।

উভয় প্রতিষ্ঠানের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে শিক্ষা, প্রশিক্ষণ ও আন্তর্জাতিক কর্মজীবনের সুযোগ গ্রহণের প্রস্তুতি আরও সুসংগঠিত হবে। ভাষা শিক্ষা, কারিগরি দক্ষতা, সাংস্কৃতিক পরিচিতি ও যথাযথ দিকনির্দেশনার সমন্বয়ে আন্তর্জাতিক মানের মানবসম্পদ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বিষয়:জার্মানিতে কর্মসংস্থান জার্মানিতে শিক্ষা বাংলাদেশ কেয়ারগিভিং অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশি তরুণ বিসিটিটিআই
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…