ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে চিত্রনাট্য তৈরি করেন নির্মাতা ভিকি জাহেদ। সত্যি ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত আইস্ক্রিনের সেই ওয়েব সিরিজ ‘চক্র’র জন্য সেরা নির্মাতার পুরস্কার পেলেন ‘মিস্টার টুইস্ট’ খ্যাত ভিকি জাহেদ।
রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেয়া হলো ‘ব্লেন্ডার’স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি এন্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’। যেখানে ড্রামা/সিরিজ বিভাগে ওয়েব সিরিজ ‘চক্র’র জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেন ভিকি জাহেদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিকি জাহেদের অনুপস্থিতিতে পুরস্কার গ্রহণ করেন ‘চক্র’র কেন্দ্রীয় অভিনেতা তৌসিফ মাহবুব।
গেল বছরের ১০ অক্টোবর ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হয় লোমহর্ষক নির্মাণ ‘চক্র’। ২০ পর্বের এই সিরিজটি দর্শকের কাছে তখন ভীষণ প্রশংসা পায়। দর্শকপ্রিয়তার কারণে ‘চক্র’র সাকসেস পার্টিতে দেয়া হয় ‘চক্র ২’ নির্মাণের!
রবিবারও একই কথা বলেন ‘চক্র’ অভিনেতা তৌসিফ৷ নিজের ফেসবুকে ‘চক্র’র জন্য সেরা পরিচালকের পুরস্কার জয়ে ভিকি জাহেদকে অভিনন্দন জানান। সেই সাথে তৌসিফ জানান, খুব শিগগির আসতে চলেছে ‘চক্র ২’!
চক্র-র মাধ্যমে ওটিটিতে অভিষেক হয় তৌসিফ মাহবুবের। কাজটির মাধ্যমে তিনি দর্শকের কাছ থেকে অনেক বেশি সাড়া পেয়েছেন।
ভিকির ‘চক্র’-তে তৌসিফের সাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন ফারিণ। এছাড়াও অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, এ কে আজাদ সেতু প্রমুখ।







