এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ক্রিকেটে রাজনীতিকরণ নিয়ে বেশ চটেছেন ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ ও জাতীয় কংগ্রেস দলের এমপি শশী থারুর। টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের গ্রুপপর্বের ম্যাচ বয়কটের ঘটনাকে লজ্জাজনক অভিহিত করেছেন। সাধারণত পক্ষপাতহীন মন্তব্য করার সুনাম আছে তার। সবপক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের কথাও বলেছেন তিনি।
পাকিস্তানের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় থারুর বলেছেন, খেলাধুলা সবাইকে একত্রিত করে, বিভাজিত নয়। কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজুর রহমানের অবস্থানকে বঞ্চিত করা হয়েছে বলেছেন।
মোস্তাফিজকে কেন্দ্র করে বাংলাদেশের বিশ্বকাপ বয়কট এবং পাকিস্তানের নাটককে অতিরিক্ত প্রতিক্রিয়া বলেছেন থারুর। ঘটনাটি বাংলাদেশ রাজনীতিকরণ করেছে এবং পাকিস্তান বাংলাদেশের দেখানো পথে হেঁটেছে, মন্তব্য তার।
থারুর বলেছেন, ‘সত্যি কথা বলতে, খেলাধুলাকে যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে তা লজ্জাজনক। আমার মনে হয় মোস্তাফিজুর রহমানকে বঞ্চিত করা ঠিক হয়নি। এটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক। রাজনীতি ঢুকিয়ে বাংলাদেশের দেখানো প্রতিক্রিয়া অতিরিক্ত এবং সংহতি প্রকাশ করতে পাকিস্তানের দেখানো প্রতিক্রিয়াও অতিরিক্ত। পুরো ঘটনায় সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।’
‘আমার মনে হয় আমাদের একটি বোঝাপড়ার মধ্যে আসা উচিৎ। কারণ খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট মানে আমাদের কাছে অনেককিছু। এটা আমাদের মাঠে অন্তত এক জায়গায় নিয়ে আসে, যেটাকে এভাবে চলতে দেয়া ঠিক নয়। আমার সত্যিই মনে হয়, জরুরিভিত্তিতে সবার জাগ্রত হওয়ার সময় এটা। আইসিসি এটার প্লাটফর্ম হতে পারে। এই বাজে জিনিস বন্ধ করা উচিৎ, এভাবে চিরকাল চলতে পারে না।’
পাকিস্তান সরকারি এক্স একাউন্টে করা পোস্টে জানিয়েছে, ‘পাকিস্তান সরকার ২০২৬ সালের আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ক্রিকেট দলকে অনুমোদন দিয়েছে। তবে, ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’
নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে ভারত থেকে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশ। আমলে না নিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করেছে আইসিসি। বিশ্বক্রিকেট সংস্থার এমন আচরণে শুরু থেকেই বাংলাদেশের পাশে ছিল পাকিস্তান। পিসিবি প্রধান মহসিন নাকভি বিশ্বকাপ বয়কটের হুমকিও দিয়ে রেখেছিলেন। দুদফা দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পিসিবি চেয়ারম্যানের সভা শেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে তারা।








