ঢাকায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দিনের বেলায় আগের তুলনায় গরমের অনুভূতিও বাড়তে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্কই থাকার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। ভোর ও সকালের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। একই সময়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ধরা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে। আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানী এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এদিকে, গতকাল রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।








