মৌলভীবাজার জেলার কমলগঞ্জ সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা-বাগানের শিশুদের নিয়ে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ‘প্রাক-বড়দিন’ উৎসব শুরু হয়েছে।
বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ২০ ডিসেম্বর শুক্রবার চাম্পারায় চা-বাগান প্রাঙ্গণে নবনিযুক্ত প্রকল্প চেয়ারম্যান সাজু মারছিয়াং-এর সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসব উদযাপন এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে আলোচনা সভার পর শিশুরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারপারসন জিডিশন প্রধান সুছিয়াং। আলোচনা সভার শুরুতেই প্রকল্পের শিশুদের নিয়ে ‘প্রাক বড়দিনের’ কেক কেটে আনন্দ উদযাপন করেন অতিথিরা। এসময় প্রকল্পের ৩৪২ জন শিশু শিক্ষার্থী এবং ১৫ জন গর্ভবতী মা উপহার সামগ্রী দেয়া হয়।
প্রধান অতিথি জিডিশন প্রধান সুছিয়াং বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাসম্পন্ন জাতি গঠনে শিশুর সঠিক বিকাশে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। চা-বাগানের শিশুরা এখনও শিক্ষার দিক থেকে পিছিয়ে রয়েছে কমলগঞ্জের সীমান্তবর্তী চাম্পারায় চা-বাগান এলাকায় আন্তর্জাতিক সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের মাধ্যমে শিশুর সঠিক বিকাশের ওপর কাজ করছে জেনে আমরা সকলই আনন্দিত।
অনুষ্ঠানের সভাপতি নবনিযুক্ত চেয়ারম্যান সাজু মারছিয়াং বলেন, শিশুদের নিয়ে নতুন অভিজ্ঞতার সাথে সম্পৃক্ত হতে পারা তাও আবার চা-বাগানের শিশুদের এটিই হচ্ছে বড় পাওয়া। সুষ্ঠু শারীরিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও আবেগীয় বিকাশের জন্য শিশুদের জীবনের প্রথম আট বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে শিশুর শিক্ষা ও বিকাশের ভিত্তি রচিত হয়। তাই শিশুর খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য-সেবা, সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত করনে এই প্রকল্প অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।








