শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ প্রথম ওয়ানডেতে জয়ের মতো লক্ষ্য পেয়েছিল। তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের ২৪৪ রানে আটকে দিয়েছিল মেহেদী হাসান মিরাজের দল। ব্যাটিংয়ে নেমে ১০০ রান তোলার পর খেই হারিয়ে ফেলেন ব্যাটাররা, একটা সময় ৫ রান তুলতে হারিয়ে যায় ৬ উইকেট। দ্বিতীয় ম্যাচে এমন বিপর্যয় হবে না, বলছেন ওপেনার তানজিদ হাসান তামিম।
দ্বিতীয় ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এসে তামিম গত ম্যাচের বিষয়গুলো নিয়ে বললেন, ‘আমি আর শান্ত ভাই যেরকম সেট ছিলাম, আমরা যদি আরেকটু থাকতে পারতাম! অন্তত ৫-১০ ওভার থাকতে পারতাম, তাহলে ম্যাচটা অনেক ভালোভাবে বের হয়ে আসত। পরের ব্যাটারদের কাজও সহজ হয়ে যেত।’
‘আমরা কিছুটা দুর্ভাগা। ভালো একটা রানআউট করেছে ওরা, ভালো একটা ক্যাচ নিয়েছে। এটা টার্নিং পয়েন্ট ছিল। সেখান থেকে আমরা অন্তত দুটি ৩০-৪০ রানের জুটি গড়তে পারলে ম্যাচটা সহজ হয়ে যেত।’
নিজে ভালো খেলেছেন এমন প্রশ্নে তৃপ্ত নন তামিম। বলেছেন, ‘আমার মনে হয় না আমি ভালো খেলেছি। কারণ দলের যেটা দরকার ছিল সেটা পূরণ করতে পারিনি। যদি সেটা পূরণ করতে পারতাম, হয়তো বলতে পারতাম যে ভালো খেলেছি, দলের জন্য কিছু করতে পেরেছি।’
‘সিরিজে এখনও আমাদের ফিরে আসার সুযোগ আছে। তিন ম্যাচের সিরিজ, এক ম্যাচ হয়েছে। পরের ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি ফিরে আসতে পারি, আমরা সিরিজে ভালোভাবেই থাকব।’
শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল ৩টায়।








