বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কাকে স্বল্প রানে বেধে রাখে বাংলাদেশ। পরে কাজটা ছিল ব্যাটারদের। ১২৫ রানের লক্ষ্যে নেমে বেশ বেগও পেতে হয়েছে টাইগারদের। শেষপর্যন্ত জয় তুলে নেয়া গেছে। টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের ২ উইকেটে হারিয়েছে লাল-সবুজ দল। তবে লঙ্কানদের বিপক্ষে আরও সহজে জেতা উচিত ছিল, মনে করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শনিবার টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। লেগ স্পিনার রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমানের বোলিং তোপের মুখে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ১৯ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছান মাহমুদউল্লাহ। ৬ বল বাকি থাকতে ২ উইকেটের জয় পায় টিম টাইগার্স।
লঙ্কানদের বিপক্ষে লক্ষ্যটা ছোট হলেও জয়ে বেগ পেতে হয়েছে বাংলাদেশকে। তবে জয়ের জন্য নিজেদের সেরাটা দিয়েছেন, মনে করেন শান্ত। ম্যাচ শেষে বলেছেন, ‘প্রত্যেকের শরীরী ভাষা ছিল দুর্দান্ত, আমরা আমাদের ১২০ শতাংশ দিয়েছি। গত ১০-১৫ দিন ধরে আমরা পরিকল্পনা করেছি। ফিল্ডারদের সবাই নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করেছে।’
‘আমার মনে হয়, শ্রীলঙ্কা সত্যিই ভালো বোলিং করেছে। কিন্তু উইকেট বিবেচনায় আমাদের আরও সহজে জেতা উচিত ছিল। লিটনের জন্য ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সে দক্ষতা দেখিয়েছে। আজ যেভাবে খেলছিল সত্যিই তা সাহসী ছিল।’
জয়ে সাউথ আফ্রিকা ও নেদারল্যান্ডসের সমান ২ পয়েন্ট নিয়েও রানরেটে পিছিয়ে টেবিলের তিনে রয়েছে বাংলাদেশ। টানা দুই হারে তলানিতে শ্রীলঙ্কা। বাংলাদেশের পরের ম্যাচ সোমবার, সাউথ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে মাঠের লড়াই।







