জিম্বাবুয়ের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ করে দিল নেদারল্যান্ডস। দারুণ খেলে প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভে ওঠা ডাচরা ৫ উইকেটে জিতে পেয়ে গেছে ২ পয়েন্ট।
বুধবার অ্যাডিলেডে গ্রুপ ২-এর খেলায় টসে জিতে আগে ব্যাট করা জিম্বাবুয়ে ১৯.২ ওভারে মাত্র ১১৭ রানে অলআউট হয়। জবাবে নেদারল্যান্ডস ১২ বল হাতে রেখে জয়েরবন্দরে পৌঁছায়।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে তাড়াহুড়ো করেনি নেদারল্যান্ডস। পাওয়ার প্লে শেষে স্কোর ছিল এক উইকেটে ৩৫ রান।
দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়ে জিম্বাবুয়ের কাছ থেকে ম্যাচ কেড়ে নেন ম্যাক্স ও’ডাউড এবং টম কুপার। ২৯ বলে ২ চার ও এক ছক্কায় ৩২ রান করা কুপারের আউটে ভাঙে জুটি।
লুক জঙ্গের বলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে মাধেভেরের ক্যাচ হন কুপার। খানিকপর কলিন অ্যাকেরম্যানও ড্রেসিংরুমের পথ ধরেন।
একপ্রান্ত আগলে রেখে ম্যাক্স ও’ডাউড তুলে নেন কার্যকরী ফিফটি। ৪৭ বলে ৮ চার ও এক ছক্কায় ৫২ রান করে মুজারাবানির বলে শুম্বার তালুবন্দি হন। তখন ডাচরা জয় থেকে মাত্র ৯ রান দূরে।
খেলা শেষের আগ মুহূর্তে ৫ রান করে ফেরেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ১৮তম ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে খেলা শেষ করেন ২ চারে ১২ রান করা বাস ডে লেডে।
জিম্বাবুয়ের পক্ষে দুটি করে উইকেট নেন এনগারাভা ও মুজারাবানি।
জিম্বাবুয়ে প্রথম রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ ও সুপার টুয়েলভে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল চমক। রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারলেও করেছিল লড়াই। নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে সেই জিম্বাবুয়ে একেবারেই অনুজ্জ্বল ছিল। সিকান্দার রাজা ছাড়া হাসেনি কারো ব্যাট। দলটি ১১৭ রানে হয়ে যায় অলআউট।
নেদারল্যান্ডসের পক্ষে পল ফন মিকেরেন ৪ ওভারে ২৯ রান দিয়ে পান ৩ উইকেট। দুটি করে উইকেট নেন লোগান ফন বিকে, ব্রেন্ডন গ্লোভার ও বাস ডে লেডে।








