জাতীয় ক্রিকেট লিগে উদ্বোধনী ম্যাচেই মারকুটে সেঞ্চুরি হাঁকালেন জিসান আলম। সিলেট বিভাগের হয়ে ওপেন করতে নেমে ১০ ছক্কায় ৫২ বলে শতক তুলে নিয়েছেন ডানহাতি ব্যাটার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বুধবার রান উৎসবে মেতেছে সিলেট ও ঢাকা। টসে হেরে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ তোলে সিলেট। জবাবে ঢাকা ৪ উইকেট হারালাও শেষ বলে জয় তুলে নেয়। ৬ উইকেটে জয় পায় ঢাকা।
ম্যাচের জয় পরাজয় ছাপিয়ে দেশের ক্রিকেটে ভালো কিছুর আগমনী বার্তা দিয়েছেন জিসান। বাংলাদেশিদের মধ্যে তার এই সেঞ্চুরি চতুর্থ দ্রুততম। সবার আগে পারভেজ হোসেন ইমনের ৪২ বলে শতক। তামিম ইকবালের ৫০ বলে সেঞ্চুরি এবং নাজমুল হোসেন শান্তর ৫১ ও ৫২ বলে সেঞ্চুরি আছে।
ফিফটি পর্যন্ত সাদামাটা ইনিংস খেলেছেন জিসান। ৪০ বল খেলে ৫২ রান করেন। এরপর দেখা মেলে তাণ্ডবের। আরাফাত সানি জুনিয়রের এক ওভারে প্রথম বলে ২ নিয়ে ওভারের বাকি পাঁচ বলে ছক্কা হাঁকিয়েছেন। দ্রুত আরও দুই ছক্কায় ছাড়িয়ে যান নব্বই, টানা পাঁচ ছক্কার পরের ওভারে একটি সিঙ্গেল নিয়ে তারপরের মুখোমুখি দুই বৈধ বলে আবারও ছয় হাঁকান। নাজমুল ইসলাম অপুর বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি ছুঁয়েছেন। অপুর বলেই পরে বোল্ড হয়ে থামেন।
৫৩ বলে ঠিক ১০০ রান করে আউট হন জিসান। ৪ বাউন্ডারির সঙ্গে মারেন ১০ ছক্কা, যার পাঁচটি মারেন আরাফাত সানি জুনিয়রের এক ওভারে।








