সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি ছাত্র ইউনিয়নের

শিক্ষার্থীরা শহীদ মিনার সামনে মানববন্ধন ও প্রতিবাদ জানাচ্ছে, বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ
জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
শুক্রবার ১৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত করে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাইমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল রনির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তামজীদ হায়দার চঞ্চল, সহসভাপতি শিমুল কুম্ভকার, ঢাকা মহানগর সংসদের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম ইমন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সংগঠক শাহরিয়ার শিহাব।
সঞ্চালক রাকিবুল রনি বলেন, ‘একজন মন্ত্রী কিংবা এমপির গাড়ি বা ফোন চুরি হলে সেটা খুজে বের করতে রাষ্ট্রের দুই ঘণ্টা সময়ও লাগে না৷ অথচ সাংবাদিক নাদিম হত্যার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো খুনিদের খুঁজে করতে পারেনি এই সরকারের পুলিশ বাহিনী। যেই সরকার একজন সত্য উচ্চারণকারী সাংবাদিককে নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের কোনো দরকার নেই আমাদের।’
ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম বলেন, ‘এই সরকার একজন সাংবাদিককে সুরক্ষা দিতে পারে না, সাধারণ মানুষের জান-মালের সুরক্ষা দিতে পারে না। এই সরকার সুরক্ষা দেয় তার সন্ত্রাসী বাহিনীকে, সুরক্ষা দেয় তার তাবেদার গোষ্ঠীকে যাদের উপর ভর করে সে টিকে আছে। আজকের এই মানববন্ধন তাই শুধু এখানে নয়, দেশের সকল জেলায় একযোগে অনুষ্ঠিত হওয়া উচিৎ।’
মানবন্ধনে বক্তারা দেশে ক্রমাগত সাংবাদিক নির্যাতনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে দেশের মানুষকে প্রতিবাদে অংশ নিতে আহ্বান জানান।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মুক্ত মত প্রকাশ ও স্বাধীন সাংবাদিকতা চর্চার জন্য হুমকি হয়ে উঠা বর্তমান সরকার এদেশের ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধ সামাল দিতে পরাস্থ হবে, ইতিহাস সেই ইঙ্গিতই দেয়।






