আন্তর্জাতিক

ইসরায়েলি হামলার জেরে আবারও বন্ধ হরমুজ প্রণালী

Hormuz Strait closed again amid Israeli attacks, strategic waterway in Middle East. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের চলমান হামলার প্রেক্ষাপটে আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির শীর্ষ যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগের জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়।

একই দিনে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর জানায়, দেশটির খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স হরমুজ প্রণালীতে নৌযান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

ইরানের সামরিক কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং দক্ষিণ লেবাননে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে। এর প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে, যা ‘প্রথম পদক্ষেপ’ বলে উল্লেখ করেছে তেহরান। একই সঙ্গে আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের বড় একটি অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এ প্রণালীতে যেকোনো ধরনের বিঘ্ন আন্তর্জাতিক জ্বালানি বাজার ও সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

তবে ইরানের এই ঘোষণার পরও পরিস্থিতি নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হওয়ার সুস্পষ্ট প্রমাণ তারা এখনো পাননি এবং কিছু জাহাজ চলাচল অব্যাহত রয়েছে বলে তাদের দাবি।

বিষয়:ইরান যুদ্ধ ২০২৬ যুদ্ধবিরতি চুক্তি লেবাননে ইসরাইলী হামলা হরমুজ প্রণালী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…