আন্তর্জাতিক

পর্তুগালে ঝড়ো বাতাস ও টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত; নিহত ৫

পর্তুগালে ঝড়ো বাতাস ও টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত; নিহত ৫
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পর্তুগালে গত কয়েকদিন ধরে প্রবল ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতে দেশটির বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বৈরী আবহাওয়ার প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। 

স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী, ঝড়জনিত ঘটনায় কমপক্ষে ৫ জন মারা গেছেন। তাদের মধ্যে চারজন মারা গেছেন কেন্দ্রীয় পর্তুগালের লেইরিয়া (Leiria) অঞ্চলে এবং এক ব্যক্তি মারা গেছেন লিসবনের উত্তরাঞ্চলীয় ভিলা ফ্রাঙ্কা দে শিরা (Vila Franca de Xira) এলাকায়।

স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম সূত্রে জানা যায়, ঝড়ো হাওয়ার তাণ্ডবে বহু বাড়ি ঘরের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অসংখ্য গাছ উপড়ে পড়েছে। এতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটে। রাজধানী লিসবনসহ উপকূলবর্তী কয়েকটি অঞ্চলে পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি গুরুতর বলে জানা গেছে।

টানা ভারী বৃষ্টির কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রাখতে হয়েছে। কয়েকটি অঞ্চলে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছালে বন্যার আশঙ্কা দেখা দেয়। কৃষিখাতেও ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষেতের ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

প্রাথমিকভাবে কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড় ও বৃষ্টিজনিত ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য এবং এর আর্থিক ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। জরুরি সেবা সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম চালাচ্ছে। জনগণকে সতর্ক থাকতে এবং জরুরি প্রয়োজনীয় ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্কতা বজায় রাখা জরুরি। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

বিষয়:বিপর্যস্ত জনজীবন বৈরী আবহাওয়া লিসবন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…